এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড়ের মাঝেই পূর্ব বর্ধমান জেলার ভাতারের ৫ বছরের শিশুকন্যার যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী ৩ কিশোরের বিরুদ্ধে । পুলিশ ওই ৩ কিশোরকে আটক করেছে । ওই তিনজনের মধ্যে দুজন পঞ্চম শ্রেণীর ছাত্র, একজন সপ্তম শ্রেণীতে পড়ে বলে জানা গিয়েছে। আজ বুধবার তিন কিশোরকে জুভেইনাল বোর্ডে তোলা হয় । পাশাপাশি শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে ।
ভুক্তভোগী মেয়েটির পরিবারের অভিযোগ, সপ্তাহখানেক আগে মেয়েটি আরও ২-৩ জন শিশুর সঙ্গে যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাচ্ছিল, সেই সময় ৩ কিশোর তার পথ আটকায় । দুই নাবালক ওই পাঁচ বছরের শিশুটিকে গাছের আড়ালে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ । মঙ্গলবার বিকেলে শিশুটির পরিবার ভাতার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই তিন অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ । যদিও অভিযুক্তদের পরিবারের সাফাই হল যে মিথ্যা অভিযোগে তাদের ধরা হয়েছে ।।
