এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,০৮ জুলাই : বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে ৮ জন মারা গেছে । আজ বুধবার দুপুর ৩টার নাগাদ ক্যাম্প পাঁচের ব্লক পাঁচে এই ঘটনা ঘটে । টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে খাদিজাতুল কোবরা মাদ্রাসা ও হিফজখানার ওপর।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মহম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলেই মারা যায় ৪ জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ৪ জনের। এদের মধ্যে ৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। এছাড়া, আহত ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় মাদ্রাসায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিল। অনেকে দ্রুত বেরিয়ে আসলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েকজন। উদ্ধার অভিযান চালায়, ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও স্থানীয় রোহিঙ্গারা।।
