এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ জুলাই : নিজের বাড়ি ফাঁকাই ছিল । সেই সুযোগে প্রতিবেশী ১২ বছরের কিশোরীকে কোনো এক অছিলায় বাড়িতে ডেকে নিয়ে আসে যুবক । কিশোরী সরল বিশ্বাসে তার বাড়ি গেলে যুবক তাকে ধর্ষণ করে দেয় । ঘটনাটি ঘটেছে রবিবার মালদা জেলার ইংরেজবাজারের যদুপুর এলাকায় । এদিকে যুবকের পাশবিক অত্যাচারের পর মেয়েটি বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে । তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার । এদিকে বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্ত যুবক । শেষ পর্যন্ত ঘটনার দিন রাতেই তাকে বিহারের পূর্ণিয়া থেকে পাকড়াও করে আনে ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ রবিউল(৩০) । আজ সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে তুলে পুলিশ ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।
জানা গেছে,নির্যাতিতা কিশোরী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী । শেখ রবিউল তাদের প্রতিবেশী । রবিবার দুপুরে রবিউলের বাড়ির লোকজন কেউ ছিল না। সেই সুযোগে সে মেয়েটিকে বাড়িতে ডেকে এনে কুকর্ম করে । মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, বিকেল ৬ টা নাগাদ ইংরেজবাজার থানায় খবর আসে এক নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়েছে । নির্যাতিতা তখন মালদা জেলা হাসপাতালে ভর্তি ছিল। সেই কারনে হাসপাতালেই ছিলেন তার বাবা । আমরা তাকে থানায় ডেকে এনে একটি অভিযোগ দায়ের করাই । তার পরেই বিশেষ দল গঠন করে অভিযুক্তের সন্ধান শুরু করা হয় । শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় জানা যায় যে অভিযুক্ত বিহারের পূর্ণিয়ায় গাঢাকা দিয়েছে । এরপর পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে পাকড়াও করে । ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করে আজ আদালতে তোলা হয় । অভিযুক্তের দ্রুত শাস্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।।
