এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ জুলাই : বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দুঃস্থ শিশুদের খ্রিস্টান ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর । ক্ষিপ্ত জনতা স্কুলটিকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া থানার পুলিশ ৷ পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে স্কুলের তিন জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে গেলে তারা জনরোষের হাত থেকে রক্ষা পায় । এই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
কাটোয়া শহরের পাবনা কলোনি এলাকায় রয়েছে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলটি । এলাকার একটি বাড়ি কিনে ২০১৯ সাল থেকে স্কুলটি চালু করা হয়েছে । প্রায় ৪০ জন ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে ১৫ থেকে ২০ জন আবাসিক পড়ুয়া রয়েছে । বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় নেতা শ্রীকান্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ,’স্কুলে সাধারণ শিক্ষার আড়ালে ধর্মীয় প্রচার চালানো হত। দারিদ্রের সুযোগ নিয়ে দুঃস্থ পরিবারের শিশুদের নিয়মিত বাইবেল পড়ানো হয় । অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে বাইবেল পাঠের মাধ্যমে সুস্থ হওয়ার পরামর্শ দেওয়া হত। এমনকি এতে অনেক দুরারোগ্য ব্যাধিও সেরে যায় বলে প্রচার করত স্কুল কর্তৃপক্ষ ৷’
স্থানীয় বাসিন্দা সাগতা দেবনাথ, শিবানি দাস এবং পূর্ণিমা দে-র দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলে শিশুদের উপর খ্রিস্টধর্ম গ্রহণের জন্য মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। শুধু তাইই নয়, এলাকার মন্দির নিয়েও তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল ।’ তাঁরা বলেন,’আমরা চাই স্কুলে শুধুই পড়াশোনা হোক।কোনও নির্দিষ্ট ধর্মের শিক্ষা বা প্রচার চলবে না৷’
রবিবার সকালে এই অভিযোগের জেরে এলাকার বাসিন্দারা স্কুল ঘেরাও করেন। পরে তাঁদের একাংশ স্কুলের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ দেখান। কিছু খ্রিষ্ট ধর্মীয় বই বাইরে ফেলে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অভিযোগ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।
