এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৪ জুলাই : চাকরির প্রতিশ্রুতি দিয়ে বধূর সঙ্গে সহবাস ও ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগে আইসিডিএস-এর এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করল নদীয়া জেলার নাকাশিপাড়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম ওয়াসিম আক্রাম মন্ডল । শুক্রবার গ্রেপ্তার করার পর আজ শনিবার ধৃতকে কৃষ্ণনগর জজ কোর্টে তোলা হয় । পুলিশ ১০ দিনের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক তরুন কুমার মণ্ডল ধৃতের ৯ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
কৃষ্ণনগর জজ কোর্টের আইনজীবী শীর্ষেন্দু দাসের মাধ্যমে শুক্রবার নাকাশিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিতার স্বামী । তার অভিযোগ যে তার স্ত্রীকে আইসিডিএস-এর গ্রুপ-ডি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন সহবাস করেছে ওয়াসিম আক্রাম মন্ডল । শুধু তাইই নয়,চাকরি দেওয়ার নাম করে নগদ ৩০ হাজার টাকা এবং ফোন পে-এর মাধ্যমে ২০ হাজার মিলে মোট ৫০ হাজার টাকা আদায় করে তাদের কাছ থেকে ।
আইনজীবী শীর্ষেন্দু দাস বলেন,’স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতার মদতে ওয়াসিম আক্রাম মন্ডল আইসিডিএস-এ ব্যাপক দুর্নীতিতে যুক্ত ছিল। সে আইসিডিএসে কর্মরত একাধিক মহিলাকে ট্রান্সফারের ভয় দেখিয়ে টাকা আদায় করত । এছাড়া,আইসিডিএস-এর সমস্ত মালামাল নিজস্ব জিএসটি নাম্বারে বিল টেন্ডার করিয়ে সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে গচ্ছিত করে রাখত । নিজ চারচাকা গাড়িকে আইসিডিএস এর ভাড়া দিয়ে নিজের ড্রাইভারি করে সমস্ত টাকা আত্মসাৎ করেছে ওয়াসিম আক্রাম মন্ডল। এমনকি তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন আইসিডিএস কর্মীদের জন্য বরাদ্দ মোবাইল ফোনের টাকা পর্যন্ত আত্মসাৎ করে নিয়েছে সে । আর তাকে মদত দিয়েছে
আইসিডিএস আধিকারিক অনুপম নাথ । তিনিও অভিযুক্তের তালিকায় রয়েছেন ।’ তিনি বলেন, ‘এতদিন তৃণমূল ক্ষমতায় থাকায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। কিন্তু নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই সমস্ত মামলায় জিরো টলারেন্স নীতি নেওয়ায় পরিবারটি আশার আলো দেখে । এবং অভিযোগের ভিত্তিতে ওয়াসিম আক্রাম মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ।’ তবে আধিকারিক অনুপম নাথ এখনো গ্রেপ্তার হয়নি বলে তিনি জানিয়েছেন ।
জানা গেছে,শুক্রবার বেলায় অভিযোগ দায়ের হলে ওইদিন রাতেই ওয়াসিম আক্রাম মন্ডলকে গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ধর্ষণ,প্রতারণা সহ একাধিক গুরুতর ধারায় মামলা রজু করা হয় । আজ ধৃতকে আদালতে তোলা হয় । সে আর কতজন মহিলার সঙ্গে এমন প্রতারণা করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।
