এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,০৪ জুলাই : আজকাল সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর এক অদ্ভুত উন্মাদনা চলছে। খ্যাতি অর্জনের জন্য মানুষ অদ্ভুত সব কাজ করতেও রাজি। দেরাদুনের এক মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন এবং সেই রিলের মাধ্যমেই এক বছর আগের একটি চুরির কিনারা করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। এক মহিলাকে তাঁর ইনস্টাগ্রাম রিলে ১০ লক্ষ টাকা মূল্যের একটি হীরার নেকলেস পরা অবস্থায় দেখা গেছে। রিলটি থেকে এক বছর আগের একটি গয়না চুরির ঘটনা সামনে আসে। দেরাদুনের আইটি পার্কের সিক্কা কিমায়া গ্রিনসের বাসিন্দা নিতিশা ওয়াটস পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই সময় তাঁর বাড়ি থেকে দুটি হীরার আংটি, একটি সোনার চেইন এবং একটি হীরার লকেট চুরি হয়ে যায়। সে সময় তিনি তাঁর গৃহকর্মী বিমলা দেবীকে সন্দেহ করেছিলেন।
গৃহকর্ম করার সময় বিমলা দেবী গয়নাটি পরে নিজের ভিডিও রেকর্ড করে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করেছিলেন। নিতিশা ওয়াটস ভিডিও ও ছবিটি পর্যালোচনা করে গয়নাটিকে তাঁর এক বছর আগে হারানো গয়নাটির অনুরূপ বলে শনাক্ত করেন।এরপরে, নীতীশা ওয়াটস ১ জুলাই রাজপুত থানায় তাঁর প্রাক্তন গৃহকর্মী বিমলার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন। বাড়ি থেকে চুরি হওয়া হীরা ও সোনার গহনার ঘটনায় পুলিশ বিমলাকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই গহনা উদ্ধার করে।।
