এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০৩ জুলাই : তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । যেখানে শহরের হোটেলগুলিতে খাসির মাংসের নাম করে গোমাংস সরবরাহ করার অভিযোগ উঠেছে এক মুসলিম মাংস বিক্রেতার বিরুদ্ধে । পুলিশ মাল্লেপল্লীর(Mallepally) ‘ওসমান মিট শপ’ (Osman Meat Shop)-এর মালিক মহম্মদ ওসমান (Mohammad Osman) এবং আয়ান বিফ শপের কর্মী মহম্মদ জাহাঙ্গীর পাশাকে ( Mohammad Jahangir Pasa) গ্রেপ্তার করেছে ।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এইচ-ফাস্ট, সিসিএস, খাদ্য নিরাপত্তা কর্মকর্তা, একজন পশু চিকিৎসক এবং হাবিবনগর পুলিশ শহরের হোটেলগুলিতে যৌথ অভিযান চালালে বিষয়টি সামনে আসে । এরপর হোটেলগুলোতে খাসির মাংস বলে গরুর মাংস সরবরাহ করার সময় এই দুজনকে হাতেনাতে ধরা হয়। সিসিএস পুলিশ উভয় অভিযুক্তকে হাবিব নগর থানায় হস্তান্তর করেছে। অভিযান চলাকালে কর্মকর্তারা গরুর মাংসের সাথে মেশানো ৫০ কেজি মাংসও বাজেয়াপ্ত করেছেন। একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত চলছে বলে জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ।।
