এইদিন ওয়েবডেস্ক,হুগলি,৩০ জুন : রামনবমীর শোভাযাত্রায় হামলার মামলায় আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) ওরফে বেগম আফরিন আলির স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে (Shakir Ali) গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আজ মঙ্গলবার সকালে আরামবাগে শাকির আলির বাড়িতে তল্লাশি চালানোর পর তার গ্রেপ্তারের খবর সামনে আসে।
জানা গিয়েছে, শাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছিল । ওই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলি এবং তার স্বামী শাকির আলির বিরুদ্ধে । মামলার তদন্তভার রয়েছে এনআইএ-এর হাতে । এদিন সাত সকালে আচমকা এলাকায় পৌঁছে যায় এনআইএ। আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ান। রিষড়ার বাড়িটি চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয় । সেই সময় তারা বাড়িতেই ছিলেন । শুরু হয় জিজ্ঞাসাবাদ ।
তদন্তকারী সংস্থার দাবি, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই শাকির আলিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই বিষয়ে শাকির আলি বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এনআইএ তাঁকে বুধবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।।
