পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৮ জুন : এমনিতেই ধারন ক্ষমতার থেকে বেশি যাত্রী চাপানো হয়েছিল টোটোয় ৷ ছিল দুই শিশুও । সড়কপথ ধরে প্রবল গতিতে টোটো ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক । তারই মাঝে তিনি ফেসবুক চ্যাটে মগ্ন ছিলেন বলে অভিযোগ । আর চালকের ফেসবুকের নেশাই তার নিজের ও যাত্রীদের ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিল । রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় টোটোটি । বরাত জোরে কারোর প্রাণহানি না হলেও চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন । আজ রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কালনায় । আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে,এদিন দুপুরে কালনা থেকে যাত্রী বোঝাই করে ধাত্রীগ্রামের মুখে যাচ্ছিল ওই টোটোটি ৷ টোটোটিতে চালকসহ ৭ জন যাত্রী ছিল । ছিল দুই শিশুও । টোটোটি কালনা-কাটোয়া এসটিকেকে রোড ধরে প্রবল গতিতে টোটোটি যাচ্ছিল বলে অভিযোগ । কালনা হাসপাতালের কাছাকাছি আসতেই রাস্তার পাশে একটি দাঁড় করিয়ে রাখা লরির পিছনে সজোরে ধাক্কা দেয় টোটোটি৷ সংঘর্ষ এতটাই জোরে হয়েছিল যে টোটোটি কার্যত তালগোল পাকিয়ে যায় ।
ওই টোটোয় ছিলেন ধাত্রীগ্রামের বাসিন্দা পুতুল হেমব্রম নামে এক মহিলা । তিনি বলেন,’এমনিতেই টোটো প্রচন্ড জোরে চলছিল । তার উপর চালক নিজের স্মার্টফোন নিয়ে কিসব খুটখাট করছিলেন । হঠাৎ টোটোটি একটি দাঁড় করিয়ে রাখা লরির পিছনে সজোরে ধাক্কা দিলে আমরা ছিটকে পড়ি ।’
জানা গেছে,হাসপাতাল কাছেই হওয়ায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যায় । খবর পেয়ে আহতদের চিকিৎসার তদারকি করতে হাসপাতালে ছুটে আসেন বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপি নেতা সুভাষ পাল বলেন, ‘টোটোটি ওভারলোড ছিল এবং প্রচন্ড গতিতে চালানো হচ্ছিল । তার উপর চালক নিজের স্মার্টফোনে বেশি মনযোগী হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে শুনেছি ।’ জানা গেছে,আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আটক করেছে ।।
