এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জুন : তাসের ঘরের মত ভেঙে পড়ছে মমতা ব্যানার্জির ‘মা-মাটি-মানুষের’ দল তৃণমূল কংগ্রেস । আজ বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক । তার আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রকাশ চিক বরাইক । এর ফলে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ বরাইকের পর কোয়েল মল্লিক হলেন চতুর্থ তৃণমূল কংগ্রেস সাংসদ যিনি পদত্যাগ করলেন। এখন তৃণমূলের ৪টি রাজ্যসভা আসনই এখন শূন্য ।প্রথম পদত্যাগ করেন সুখেন্দুশেখর রায়। বুধবার ইস্তফা দেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার একই পথে হেঁটে পদত্যাগ করেন প্রকাশ চিক বরাইক এবং কোয়েল মল্লিক। উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল ৯-এ।
রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই বালির বাঁধের মত ভাঙতে শুরু করেছে দল । এই বিদ্রোহের সূত্রপাত ঋতব্রত ব্যানার্জি । ৫৯ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি বর্তমানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা । শোনা যাচ্ছে যে, তাঁদের ‘নতুন তৃণমূলে’ এখন ৬৪ জন বিধায়ক রয়েছেন । মমতা ব্যানার্জির তৃণমূলের মোট ৮০ জনের মধ্যে এখন মাত্র ১৬ জনে ঠেকেছে। একই ছবি ধরা পড়েছে লোকসভাতেও। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় ২০ জন সাংসদ এনডিএ-তে যোগদানের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে ছেড়ে দিয়ে বাকি ৭ জন তৃণমূল সাংসদ যেকোনো সময় ডিগবাজি দিতে পারেন বলে সন্দেহ ।
সূত্রের খবর, চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে আরও বেশ কয়েকজন সাংসদ দল ও পদ ছাড়তে পারেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের ছেড়ে যাওয়া এই আসনগুলোতে উপনির্বাচন হলে বিজেপি সেখানে নিরঙ্কুশ জয় পাবে, যা রাজ্যের রাজনৈতিক মানচিত্র আমূল বদলে দিতে পারে।।
