এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুন : তাসের ঘড়ের মত ভেঙে পড়ল মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস । একদিকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে ৬০ জন বিধায়কের সমর্থন নিয়ে জন্ম হয়ে গেছে “নতুন তৃণমূল”-এর । অন্যদিকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন ২০ জন সাংসদ । আজ সোমবার দিল্লিতে দলনেত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতেই ২০ জন সাংসদে র সই নিয়ে এই বিষয়ে একটি চিঠি স্পিকার ওম বিড়লার ঘরে জমা দিয়ে এলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা।
তার আগে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠক হয় । উপস্থিত ছিলেন বিপ্লব দেব। ভূপেন্দ্র যাদবের বাড়িতেই একাধিক তৃণমূল সাংসদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর লোকসভায় তৃণমূলের মোট ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের কাছে জমা দেন কাকলি। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া যে নামগুলি সামনে আসছে তারা হলেন : ইউসুফ পাঠান,পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অসিত মাল, জগদীশ বসু নিয়া,পার্থ ভৌমিক,রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, শতাব্দী রায়, জুন মালিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, সাজদা আহমেদ,খলিলুর রহমান ও বাপি হালদার প্রমুখ ।
কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দিয়েছেন যে তারা বিজেপিতে যোগ দিচ্ছেন না কিন্তু এনডিএ-কে সমর্থন করছেন ।
অন্যদিকে ‘বিরোধী দলনেতা’ ঋতব্রত ব্যানার্জির ‘নতুন তৃণমূল’ দলের অন্যতম সদস্য সন্দীপন সাহার হাত ধরলেন প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। ছাড়লেন দলের প্রাথমিক সদস্যপদ। মোটের উপর তৃণমূল ভেঙে কার্যত খানখান হয়ে গেছে । সুখেন্দু শেখর জানিয়েছেন, আরও তৃণমূল বিধায়ক নতুন তৃণমূলে যোগ দেবেন । বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা ৮০ জন । তার মধ্যে ৬০ জন বিদ্রোহী । বাকি ২০ জনের মধ্যে কতজন মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে এখন সেই দিকেই নজর সকলের ।।
