এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ জুন : বাংলাদেশে ফের এক হিন্দুকে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে । এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে শনিবার (৬ জুন) বিকেলে বাংলাদেশের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের সড়কে । মৃতের নাম শ্যামল চন্দ্র মালী ৷ পেশায় জনমজুর শ্যামল চন্দ্রের জমি দখলের উদ্দেশ্যে ধান কাটা নিয়ে বিবাদের অছিলায় বচসা শুরু করে এবং পিটিয়ে মেরে ফেলা হয় । পরে স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ।
নিহত শ্যামল চন্দ্র মালী আক্কেলপুর উপজেলার কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্র মালীর ছেলে। অভিযুক্ত হাসান আলী একই উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার পথে হাসান আলীর সঙ্গে দেখা হয়। একটি জমির ধান কাটা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাসান পেছন থেকে গাছের ডাল দিয়ে শ্যামলের মাথায় সজোরে আঘাত করে । এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।।
