এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৭ জুন : গ্রামের বারোয়ারি পুজো কমিটির আর্থিক হিসাব নিয়ে ডাকা সালিশী সভায় গনপ্রহারে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতার মৃত্যু হয়েছে । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুরাতনহাট গ্রামে৷ নিহত তৃণমূল নেতার নাম মিহির ঘোষ(৬২)। তিনি মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । আট দিন আগে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছিল । সেখানে টানা কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার পাঁচ জনের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যদিও দলীয় নেতার মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায়নি পূর্বতন শাসকদলের কাউকেই ।
জানা গেছে,পেশায় কৃষক মিহিরবাবুর বাড়ি পুরাতনহাট গ্রামে । বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূ। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গ্রামের বারোয়ারি পুজো কমিটির আর্থিক হিসাব দিতে গত ৩০ মে গ্রামে একটি সালিশী সভা ডাকা হয়েছিল । পুরাতনহাট ধর্মরাজতলায় ওই সালিশী সভা বসেছিল । মৃতার পুত্রবধূ প্রিয়াঙ্কা ঘোষের অভিযোগ, কথাবার্তার মাঝে কয়েকজন শাবল হাতে তার শ্বশুরের উপর চড়াও হয়ে বেধরক মারধর করে । শ্বশুরমশাই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে বাড়ির সকলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি ।
জানা গেছে,আজ সকালে মিহির ঘোষ চিকিৎসাধীন অবস্থায় মারা যান । খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন । মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই চাপা উত্তেজনার সৃষ্টি হয় । এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পুজো কমিটির আর্থিক হিসাব নিয়ে ঝামেলা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারন আছে তা খতিয়ে দেখছে পুলিশ ।।
