এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ মে : ফাইন্যান্সে একটা চারচাকা গাড়ি নিয়েছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা চাঁচল ব্লক তৃণমূলের সহ সভাপতি সামিউল ইসলাম । কিন্তু বিগত আট বছর ধরে ঋণের কিস্তি মেটাননি তিনি । অবিশেষ আজ রবিবার দুপুরে পুলিশকে সাথে নিয়ে চাঁচলের আজাদপল্লি এলাকায় সামিউল ইসলামের বাড়ি গিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করেছে রিকভারি সংস্থা।
জানা গেছে,২০১৬ সালে একটি ফাইন্যান্স সংস্থার কাছে পাঁচ লক্ষ টাকার বেশি ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন সামিউল ইসলাম। তারপর তিনি মাত্র ১ লক্ষ ১৮ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি প্রায় ৩ লক্ষ ৯১ হাজার টাকা বকেয়া থেকে যায়। ফাইন্যান্স সংস্থার দাবি, একাধিকবার নোটিশ পাঠানো হলেও কোনও সাড়া মেলেনি সামিউল ইসলামের তরফে । রিকভারি এজেন্সির কর্মী দেবাশীষ চক্রবর্তী জানান, ২০১৮ সাল থেকেই ঋণের কিস্তি বকেয়া রয়েছে । বর্তমানে সুদ-সহ মোট বকেয়ার পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান। তবে ঋণ খেলাপি নিয়ে সামিউল ইসলামের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।
