এইদিন বিনোদন ডেস্ক,২৮ মে : মহারাষ্ট্রের রায়গড় জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণ অভিনেতা ও তাঁর বন্ধুরা নিহত হয়েছেন। তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১,২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ‘আপ্পি আমচি কালেক্টর’ টেলিভিশন শো-এর মাধ্যমে খ্যাতি অর্জনকারী মহেশ পাওয়ার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। কর্মকর্তারা জানিয়েছেন, মহেশের সঙ্গে ভ্রমণকারী আরও সাতজন এই দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনাটি পোলাদপুর-মহাবালেশ্বর সড়কের আম্বেনালি ঘাটে ঘটেছে।
মহেশসহ নিহত আটজনের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। মহেশ ছাড়াও নিহতরা হলেন সাতারা নিবাসী রিতেশ লোখান্ডে (২২), সুহাস লোখান্ডে (২০), উৎকর্ষ শিংতে (২১), নিখিল শিংতে (২৫), আদিত্য সালুঙ্কে (২১), রাজেশ কাটকর (৩৫) এবং রত্নগিরি নিবাসী অংশ চবন (১৯)। তাঁরা রবিবার ভোর ২টার দিকে দাপোলির হার্নে থেকে সাতারা রওনা হয়েছিলেন। দীর্ঘ সময় পরেও তিনি সাতারাতে না আসায় উদ্বিগ্ন পরিবারটি পুলিশের দ্বারস্থ হয়।
মৃত ব্যক্তির ফোনের শেষ অবস্থান পোলাদপুরের কাছে ছিল। এরপর সোমবার সকালে আম্বেনালি ঘাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গ্রামবাসীরা । অবশেষে প্রায় ২২ ঘণ্টা ধরে চলা এক বিশাল উদ্ধার অভিযানের পর সব মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সন্দেহ করছে যে চালক ঘুমিয়ে পড়ার কারনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি খাদে উল্টে যায়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।।
