এইদিন স্পোর্টস নিউজ,২৭ মে : ধর্মশালায় চলমান আইপিএল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাটকে ৯২ রানে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(আরসিবি) টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছে। হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে, টসে হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান করে গুজরাটের সামনে জয়ের জন্য ২৫৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় । এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৯.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় এবং মাত্র ৯২ রানের এক লজ্জাজনক পরাজয় বরণ করে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, পরপর দুই ওপেনার সাই সুদর্শন (৯ বলে ১৪ রান) এবং শুভমান গিলকে (৭ বলে ২ রান) হারানোর পর গুজরাট টাইটান্স প্রবল চাপের মুখে পড়ে।১১ বলে ২৯ রান করে আউট হওয়া জস বাটলার এবং লোয়ার অর্ডারে থাকা রাহুল তেওয়াটিয়া (৪৩ বলে ৬৮ রান) ছাড়া মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এক অঙ্কের স্কোরও করতে হিমশিম খেয়েছেন।শেষ পর্যন্ত গুজরাট ১৬২ রানে তাদের সব উইকেট হারিয়ে ৯২ রানে পরাজিত হয় ।
আরসিবির হয়ে জ্যাকব ডাফি ৩টি উইকেট নেন, অন্যদিকে ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া ও রসিক সালাম ধর প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জশ হ্যাজেলউড ১টি উইকেট নিয়েছেন। গতবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া আরসিবি এবার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে একটি রেকর্ড গড়েছে।।
