এইদিন বিনোদন ডেস্ক,১৯ মে : পাঞ্জাবের লুধিয়ানায় ছয় দিন আগে বন্দুকের মুখে অপহৃত পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর ওরফে যশিন্দর কৌরের মৃতদেহ নীল খাল থেকে উদ্ধার করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য সামরালা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১৫ই মে, পাঞ্জাবি গায়িকা ইন্দরজিৎ কৌরের ভাই জতিন্দর সিংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোগার বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখ এবং তার সহযোগী করমজিৎ সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে । তবে, পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও পুলিশ কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেয়নি।
গত ১৩ই মে, রাত প্রায় সাড়ে আটটায় ইন্দর কৌর তার ফোর্ড ফিগো গাড়িতে করে বাজার করতে গিয়েছিলেন। কিন্তু তিনি গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেননি। তাই পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের তদন্তে জানা গেছে যে, ইন্দর কৌর মোগা জেলার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিংয়ের বন্ধু ছিলেন। এখন, তার মৃতদেহ উদ্ধারের পর পুরো ঘটনাটি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ হত্যা ও অপহরণের দিকটি খতিয়ে দেখতে শুরু করেছে।
ইন্দর কৌরকে বিয়ে করতে চেয়েছিল অভিযুক্ত সুখবিন্দর সিং। কিন্তু ইন্দর বিয়েতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে সুখবিন্দর সিং ও তার সহযোগীরা বন্দুকের মুখে ইন্দর কৌরকে অপহরণ করে এবং পরে তাকে হত্যা করে। পরিবারের অভিযোগ, হত্যার পর সুখবিন্দর সিং কানাডায় পালিয়ে যান।।
