এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ মে : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এক কলেজ ছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে । পুলিশ জানিয়েছে মৃতের নাম শাহিদ মিদ্দা । তবে খুনের কারন নিয়ে ধন্দ্বে রয়েছে মৃতের পরিবার । দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে । আজ রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,কাটোয়ার মুলটি গ্রামের বাসিন্দা শাহিদ মিদ্দা কাটোয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন । পাশাপাশি তিনি চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন । রোজ সন্ধ্যায় বাড়ির অদূরে দিঘির পাড়ে বসে বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করতেন ওই যুবক।
মৃতের দাদা মাসুদ মিদ্দা জানান,শনিবার সন্ধ্যাতেও তার ভাই দিঘির পাড়ে বসে দুই বন্ধুর সঙ্গে গল্পগুজব করছিলেন তার ভাই । তার ভাই দুই বন্ধুর মাঝে বসেছিল । সেই সময় পিছন থেকে এক দুষ্কৃতী এসে ধারাল অস্ত্র দিয়ে তার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় ।
জানা গেছে,রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই কলেজ পড়ুয়া । পরে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাসুদ মিদ্দা বলেন,’আমার ভাই কোনো রাজনীতি করত না । কারোর সাথে শত্রুতা ছিল বলেও শুনিনি৷ তাই কে বা কারা আমার ভাইকে খুন করল কিছুই বুঝতে পারছি না ।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।
