এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৭ মে : রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পর থেকেই দুর্বৃত্তায়ন বন্ধে কার্যত ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে পুলিশকে । তারপর থেকে সন্ত্রাস ছড়ানো,বেআইনি কারবার বন্ধে গোটা রাজ্য জুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ । একদিকে যেমন আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতীরা । পাশাপাশি পাকড়াও করা হচ্ছে মাদক পাচারকারীদেরও । ধৃতদের সিংহভাগই প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে দেখা যাচ্ছে ।
এবার মাদক ট্যাবলেট পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে গেল কোচবিহারের দিনহাটার তৃণমূল পরিচালিত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রাধারাণী বর্মনের ভাইপো । পুলিশ জানিয়েছে ধৃতের নাম মিঠুন বর্মন (৩০) । পাশাপাশি রবিউল হক (২৯) নামে তার এক সহযোগীকেও পাকড়াও করেছে পুলিশ । তাদের মধ্যে রবিউল হকের বাড়ি সেউটি ১ নম্বর গ্রামে এবং মিঠুন বর্মনের বাড়ি জায়গীর বালাবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৯৪ গ্রাম। ওই ঘটনায় একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করে পুলিশ।
দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে আজ রবিবার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে চৌধুরীহাট – খাটামারী রাস্তায় মাসান পাঠ এলাকায় দুই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। দিনহাটা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO ), সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় এবং নয়রাহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রী ঘোষের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৯৪ গ্রাম। ওই ঘটনায় একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ ধৃত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে । আজই তাদের আদালতে তোলা হবে । পুলিশ তাদের হেফাজতে নিয়ে জেরা করে এই মাদক পাচার চক্রের পুরো নেটওয়ার্কের হদিশ করতে চাইছে ।।
