এইদিন বিনোদন ডেস্ক,১৫ মে : সুরজ নাম্বিয়ারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মৌনি রায় । সুরজ ও মৌনির শেয়ার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তাঁরা দুজনেই স্পষ্ট করেছেন যে, আলাদা হওয়ার সিদ্ধান্তটি পারস্পরিক সম্মতিতে নেওয়া হয়েছে।
পোস্টে মৌনি লিখেছেন,”আমরা লক্ষ্য করেছি যে কিছু সংবাদমাধ্যম আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা গভীরভাবে হতাশ। আমরা আপনাদের জানাতে চাই যে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগতভাবে ও সৌহার্দ্যপূর্ণভাবে এই বিষয়গুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি। বাস্তব ভিত্তিহীন মনগড়া গল্প এবং নির্জলা মিথ্যা ছড়িয়ে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমাদের পরিবর্তিত ব্যক্তিগত অগ্রাধিকারগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার পর, আমরা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার সাথে আলাদা পথে এগিয়ে যাওয়ার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি ।”
“এই পর্যায়ে, আমরা খুব ভেবেচিন্তে এবং ব্যক্তিগতভাবে বিষয়গুলো সামলানোর দিকে মনোনিবেশ করছি। আগামী দিনে আমরা আমাদের বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করব। এই সময়ে আমাদের গোপনীয়তার প্রতি আপনাদের সমর্থন, সম্মান এবং বোঝাপড়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই”-পোস্টটি এভাবেই শেষ হয়।
২০২২ সালের জানুয়ারিতে মৌনি ও মালায়ালি সুরজ বিয়ে করেন। বিয়েটি গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে তোলা ছবি ও পোস্টগুলো ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। সোশ্যাল মিডিয়ায় মৌনি ও সুরজ একে অপরকে আনফলো করার পর তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। এখন তারা সেই জল্পনায় সিলমোহর দিলেন ।।
