এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৪ মে : আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) শিক্ষক দানিশ আলীকে হত্যায় অভিযুক্ত ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত অপরাধী মহম্মদ জুবায়ের ও মহম্মদ সমীর বুধবার (১৩ মে, ২০২৬) ভোরে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক এনকাউন্টারে নিহত হয়েছে। মিরাটের আলিপুর থানা এলাকায় এই এনকাউন্টারের সময় উভয় পক্ষ থেকে ছত্রিশ রাউন্ড গুলি বিনিময় হয়। গুরুতর আহত জুবায়েরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের মতে, জুবায়ের মিরাটে একটি বড় ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল।
গত বছরের ২৪শে ডিসেম্বর, জুবায়ের এএমইউ-এর কম্পিউটার শিক্ষক দানিশ আলীকে ক্যাম্পাসের কাছে প্রকাশ্য দিবালোকে হত্যা করে। সে দানিশকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি চালায়। পুলিশের তদন্তে জানা যায় যে, দানিশ তার বিরুদ্ধে খবর দিচ্ছে বলে জুবায়ের সন্দেহ করত এবং প্রতিশোধ নিতেই সে শিক্ষককে হত্যার পরিকল্পনা করে।
উল্লেখ্য, জুবায়ের কুখ্যাত মুনির গ্যাং (দ্য কিলিং মেশিন)-এর একজন সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং অস্ত্র চোরাচালানের চব্বিশটি মামলা নথিভুক্ত ছিল। সংঘর্ষের পর পুলিশ জুবায়েরের কাছ থেকে একটি বাইক, দুটি .৩২ বোরের পিস্তল এবং বেশ কয়েকটি তাজা কার্তুজ উদ্ধার করে।।
