এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২১ এপ্রিল : “১৫ বছর চোরকে দিলেন, ৩৪ বছর বাম,৫ টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম”….ঠিক এইভাবেই ভোটারদের কাছে কাব্যিক আবেদন জানালেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । আজ মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার গোকুলনগরে ‘বিজয় সংকল্প সভা’ করেন তিনি । সভাতে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে এবারে নিশ্চিতভাবে বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসছে ।
শুভেন্দু বলেন,’এবারে বিজেপি আসছে সবাই জেনে গেছে। কারণ ভোটার তালিকায় ভুতুড়ে নাম নাই, মমতার ভোট নেই । ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমানদের নাম নাই, তৃণমূলের জেতার কোন সুযোগ নাই ।’ এরপর তিনি আহ্বান জানান,’১৫ বছর চোরকে দিলেন, ৩৪ বছর বাম, পাঁচটা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম ।’ তিনি বলেন, ‘একবার দেখুন না রাম কেমন রাখে রাজ্যবাসীকে । আমরা তো বলেছি চাকরি দেবো,পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাবো । এটা মোদিজীর কথা । ২১টা রাজ্য তার কথায় চলে ।’ তিনি আরও বলেছেন,’আমি ভাইরাল ভিডিও দেখছিলাম, যেখানে ছেলেরা বলছে গুজরাটে কাজ পাওয়া যায়, মহারাষ্ট্রের কাজ পাওয়া যায় । তা অত দূরে যাব কেন? বিজেপিকে এখানে আনলে এখানেই তো কাজ পাব ।’
পাশাপাশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রামে পানীয় জল প্রকল্পের কাজ আটকে দেওয়া ও ‘জিহাদি’ সন্ত্রাসের কথা উল্লেখ করে এবারে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আহ্বান জানান শুভেন্দু অধিকারী ।।
