এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম মেদিনীপুর,১৭ এপ্রিল : পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভিডিও দেখে অভিযুক্ত তৃণমূল নেতাকে চিহ্নিত করে তাকে ডেকে এনে উলটো হাতে সপাটে চড় কষিয়ে দেন একজন সেনা কর্তা৷ ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকার প্রশংসা করেছে বিজেপি ।
জানা গেছে,ঘটনাটি সবংয়ের ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকার । ১৬-১৭ এপ্রিল নাগাদ ঘটেছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে। ওইদিন বিজেপির নেতাকর্মীরা ওই এলাকায় প্রচারে গেলে তাদের তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ । অভিযোগ যে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুধু প্রচারে বাধা দেয়নি, বিজেপি কর্মীদের উপর হামলাও চালায়, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ।
আর এরপরেই সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী । বিজেপির পক্ষ থেকে হামলার মুহুর্তের একটি ভিডিও কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয় । সেই ভিডিও দেখে কেন্দ্রীয় বাহিনী হামলায় নেতৃত্ব দেওয়া তৃণমূল নেতাকে চিহ্নিত করে । এরপর তৃণমূল নেতাকে ডেকে এনে ভিডিওটি দেখান একজন সেনাকর্তা । আর ভিডিওতে সেনাকর্তা তাকে চিহ্নিত করে ডান হাতের উলটো দিক দিয়ে সপাটে একটা চড় কষিয়ে দেন । তৃণমূল নেতা দু’হাতে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে থাকেন ।
দেখুন ভিডিও 👇
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল লিখেছেন,’উন্নয়ন যখন গালে পড়ে! সবংয়ে বিজেপির প্রচার রুখতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে সপাটে চড় খেলেন এক তৃণমূল নেতা। এতদিন যারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করেছে, আজ তাদেরই পালা। বাহিনীর এই ‘স্পেশাল ডোজ’ দেখে এলাকার মানুষের মনে এখন স্বস্তি। ভয় দেখিয়ে ভোট পাওয়ার দিন শেষ, এবার শুধুই মোক্ষম জবাব দেওয়ার পালা।’ বিজেপি নেতা অনুপম হাজরা লিখেছেন, ‘স্বভাবজনিত কারণে নির্বাচনের সময় একটু না হয় দুষ্টুমি (বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা এবং আক্রমণ) করে ফেলেছিলো… ….তাই বলে উল্টো হাতে থাপ্পর ??!!! ….সোজা হাতে না মারার জন্য তীব্র প্রতিবাদ জানাই ।’
এদিকে সবংয়ের ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায় এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।।

