এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,১৪ এপ্রিল : ভোটের প্রচারে যাওয়া আলিপুরদুয়ারের ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । হামলার পর বিজেপি প্রার্থীকে অচৈতন্য হয়ে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায় । নিরাপত্তা রক্ষী ও দলীয় কর্মীরা চ্যাঙদোলা করে গাড়িতে তোলে ৷ যদিও পরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দলীয় কর্মী সমর্থকদের সাথে ফালাকাটা ট্রাফিক মোড়ে পথ অবরোধ শুরু করেন আক্রান্ত বিজেপি প্রার্থী । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
জানা গেছে,আজ মঙ্গলবার কাদম্বিণী চা বাগানে প্রচারে গিয়েছিলেন ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন৷ সেই সময় ফালাকাটা (Falakata)-২ গ্রাম পঞ্চায়েত প্রধান রবিকুমার মিঞ্জের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীদল তার উপর হামলা চালায় বলে অভিযোগ । দীপক বর্মনের সঙ্গে তৃণমূল প্রধানের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। এই হামলায় বিজেপির এক গাড়িচালকের মাথা ফেটে যায় এবং প্রায় ৮-১০ জন কর্মী জখম হন।ঘটনার খবর পেয়েই চা বাগানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তাবাহিনী ও বিজেপি নেতা-কর্মীরা কোনওরকমে দীপক বর্মনকে উদ্ধার করে এলাকা থেকে নিয়ে আসেন।
উল্লেখ্য,আগামী কাল ফালাকাটায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা । ঠিক তার আগেই এই হামলা স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে এলাকায় সন্ত্রাস তৈরির উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ বিজেপির৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি করেছে যে, বিজেপি প্রার্থী দীপক বর্মন নিজেই চা বাগানে উত্তেজনার সৃষ্টি করেছিলেন।।
