এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ এপ্রিল : আজ শুক্রবার কলকাতায় নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করে তিনি সপ্তম বেতন কমিশন,মহিলা ও বেকারদের ৩,০০০ টাকা ভাতা, অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ ও ইউসিসি লাগু করার কথা ঘোষণা করেন । রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ইস্তেহার প্রকাশের আগে সমাজমাধ্যমে এক বার্তায় শাহ দাবি করেন, তৃণমূলের শাসনে অতিষ্ঠ বাংলার মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে। ‘ভয়ের শাসন’ থেকে বাংলাকে মুক্ত করার অঙ্গীকার নিয়েই এই ‘সংকল্প পত্র’ আনা হয়েছে বলে তিনি জানান।
বিজেপির এই ‘আশ্বাসপত্রে’ মূলত তিনটি বড় ভোটব্যাঙ্ককে লক্ষ্য করা হয়েছে। মহিলা, সরকারি কর্মচারী এবং বেকার যুবক। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মোকাবিলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার বড় ঘোষণা করেছে।
১. নারী সুরক্ষা ও লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘অন্নপূর্ণা’?
অমিত শা ঘোষণা করেন, বিজেপি সরকার গড়লে এ রাজ্যের মধ্যবিত্ত ও দরিদ্র নারীদের আর্থিক উন্নতির জন্য প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া হবে। নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডলে মহিলা থানা এবং পুলিশ জেলাগুলিতে ২৪ ঘণ্টা সচল মহিলা ডেস্ক স্থাপন করা হবে। এ ছাড়াও রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে ১০০ শতাংশ বিনামূল্যে ভ্রমণের পাশাপাশি অন্তত ৭৫ লক্ষ ‘দিদি’কে স্বনির্ভর ও লাখপতি করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। মূলত বর্তমান শাসকদলের প্রকল্পের সীমাবদ্ধতাকে লক্ষ্য করেই এই বড় ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল।
২. যুব সমাজের জন্য বেকার ভাতা
বেকারত্ব নিয়ে রাজ্য সরকারকে বিঁধে শা জানান, বাংলার যুবকদের পাশে দাঁড়াবে বিজেপি। সেই লক্ষ্যে
যুবকদের স্বাবলম্বী করতে ‘যুব সাথী’ প্রকল্পের অধীনে মাসিক ৩,০০০ টাকা ভাতা এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ । সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ ।
৩.সরকারি কর্মীদের জন্য সুখবর
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে শাহ প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। এছাড়া কেন্দ্রীয় প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত—যা বর্তমানে রাজ্যে বন্ধ রয়েছে—তা অবিলম্বে চালু করা হবে।
এছাড়া, অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি ও রাজ্যে ইউসিসি লাগু
অনুপ্রবেশ নিয়ে ফের একবার কড়া অবস্থান নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) লাগু করা হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করতে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেন তিনি।
উত্তরবঙ্গের জন্য বিশেষ প্যাকেজ ও আইনি তদন্ত
শায়ের ঘোষণায় উত্তরবঙ্গের জন্য রয়েছে একগুচ্ছ শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান। তিনি জানান, উত্তরবঙ্গের চার জেলায় একটি করে AIIMS, IIT, IIM এবং ফ্যাশন ডিজাইনিং শিক্ষার বড় প্রতিষ্ঠান তৈরি করা হবে।উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে ৮ ঘণ্টায় যাতায়াতের জন্য নতুন সড়কপথের রূপরেখা দেওয়া হয়েছে এই ইস্তেহারে। একই সঙ্গে উত্তরবঙ্গে নতুন ক্যান্সার হাসপাতাল ও স্পোর্টস ইউনিভার্সিটি গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পাশাপাশি, রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা অতীতের সমস্ত রাজনৈতিক হিংসার দ্রুত তদন্ত নিশ্চিত করবে। তাজপুর, কুলপিতে বিশেষ ডিপ সি পোর্ট তৈরির পরিকল্পনা। চা এবং পাট শিল্পেও জোর দেওয়া হবে। পশ্চিমবঙ্গকে ব্লু ইকনমির প্রধান রফতানি ক্ষেত্র বানানো হবে বলে জানান শাহ। জুট শিল্প পুনরুদ্ধার ও তাজপুরে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং ৪ মে প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। ভোটের এই চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে অমিত শাহের আজকের এই সফর এবং ইস্তেহার প্রকাশ গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ‘ছয় গ্যারান্টি’র পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই ‘সংকল্প পত্র’ সাধারণ ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার।।
