এইদিন বিনোদন ডেস্ক,০১ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হিন্দুত্ববাদের কট্টর সমালোচক দক্ষিণ ভারতীয় “নাস্তিক” অভিনেতা প্রকাশ রাজের মা স্বর্ণলতা ৮৬ বছর বয়সে ২৯শে মার্চ, ২০২৬-এ পরলোকগমন করেছেন। বেঙ্গালুরুর আদুগোড়ি খ্রিস্টান কবরস্থানে খ্রিস্টান রীতি অনুযায়ী তাঁর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রকাশ রাজকেও সেন্ট মাইকেল গির্জায় তাঁর মায়ের জন্য আয়োজিত একটি প্রার্থনা সভায় অংশ নিতে দেখা গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রকাশ রাজের মা স্বর্ণলতা কর্ণাটকের একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে অনাথ হয়ে তিনি নার্স হিসেবে কাজ শুরু করেন। এরপর হাসপাতালে এক রোগীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়, যার সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে—বড় ছেলে প্রকাশ রাজ এবং এক মেয়ে ও এক ছেলে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর মৃত্যুর পর তার একটা টুইট ঘুরছে৷ যেখানে তিনি লিখেছিলেন,”শান্তিতে থাকুন হীরাবেন মোদী।… কিন্তু আপনি তো এমন এক বদমাশের জন্ম দিয়েছিলেন যে ভারতকে নষ্ট করছে।” এখন প্রকাশ রাজের মা স্বর্ণলতার মৃত্যুর পর শুধুমাত্র নাম পালটে একই লেখা লিখছেন এক্স ব্যবহারকারীরা৷ একজন লিখেছেন, ‘প্রকাশ রাজের মা, শান্তিতে থাকুন।… কিন্তু আপনি এমন এক বদমাশের জন্ম দিয়েছিলেন যে হিন্দু-বিরোধিতা করে এবং দেশদ্রোহীদের সমর্থন করে ভারতকে নষ্ট করছে।’ আর একজন লিখেছেন,’মায়ের মৃত্যুর পর অভিনেতা প্রকাশ রাজ তাঁর মৃতদেহ একটি গির্জায় রেখে খ্রিস্টীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন। প্রকাশ্যে নিজেকে নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদী হিসেবে ঘোষণা করা প্রকাশ রাজ ধারাবাহিকভাবে হিন্দুদের পূজা-আর্চনার সমালোচনা করে আসছেন।’
