এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,৩১ মার্চ : উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দু যুবক নিতিন রাঠিকে তাঁর মুসলিম শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে। নিতিন রাঠি এক বছর আগে একটি আর্য সমাজ মন্দিরে মুসকান খান নামে এক মুসলিম তরুনীকে বিয়ে করেছিলেন। মুসকানের পরিবার এই বিয়েতে রাজি ছিল না এবং তর্কাতর্কির পর নিতিনকে নির্মমভাবে মারধর করে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লোনি এলাকার গীতাঞ্জলি কলোনির বাসিন্দা ৩২ বছর বয়সী নিতিন রাঠি ২০২৫ সালের ২৮শে এপ্রিল একটি আর্য সমাজ মন্দিরে মুসকান নামে এক মুসলিম মহিলাকে বিয়ে করেন। সম্প্রতি, এই দম্পতির মধ্যে মতবিরোধ হয়, যার পরে মুসকান তার বাপের বাড়ি চলে যান।
মুসকান আর শ্বশুরবাড়ি ফিরতে রাজি ছিলেন না। তার পরিবার নিতিনকে তাদের বাড়িতে ডেকে আনে । মীমাংসার নামে তারা নিতিনকে তাদের সাথে থাকতে বলেছিল। সোমবার (৩০শে মার্চ, ২০২৫) এই বিষয় নিয়ে নিতিন এবং তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে বচসা শুরু হয়। বচসার সময় শ্বশুরবাড়ির লোকজন নিতিনকে নির্মমভাবে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।
আজ মঙ্গলবার, ভান্ডেদা পুলিশ নিতিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিতিনকে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিল্লিতে রেফার করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত মৃত নিতিনের শ্বশুর ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।।
