এইদিন বিনোদন ডেস্ক,৩১ মার্চ : বলিউড তারকা অনুপম খের সম্প্রতি ভারত মণ্ডপমে অনুষ্ঠিত দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফডি) যোগ দিয়েছিলেন। সেখানে তাঁর ছবি ‘তানভি দ্য গ্রেট’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেতা ‘ধুরান্ধর ২’-এর বিপুল সাফল্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। যারা ‘ধুরান্ধর ২’-কে প্রচারণামূলক বলে আখ্যা দিয়েছিলেন, তিনি তাদের কড়া জবাব দেন। অনুপম খের ছবিটির বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগকারীদের তীব্র সমালোচনা করে বলেন যে, দর্শক অত বোকা নন এবং তাঁরা কেবল ছবিটি পছন্দ করেন বলেই দেখেন।
‘ধুরান্ধর ২’ প্রসঙ্গে নিজের ভাবনা প্রকাশ করে অনুপম খের বলেন, “যারা সিনেমাকে ‘প্রোপাগান্ডা ফিল্ম’ বলে আখ্যা দিচ্ছেন, তাদের উপেক্ষা করা উচিত। আমরা তাদের পেছনে অনেক শক্তি অপচয় করছি। তারা অপ্রাসঙ্গিক লোক। আসুন আমরা ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘ধুরান্ধর’-এর সাফল্য উদযাপন করি। মানুষ বোকা নয়; তারা কোনো কারণ ছাড়া দুপুর ১২টার হাউসফুল শো দেখতে যায় না। মানুষ সিনেমা দেখে শুধু এই কারণে যে, তারা তা পছন্দ করে। যারা এটাকে প্রোপাগান্ডা বলে – তারা শান্তিতে থাকুন।” একইভাবে, অনুপম খের তার ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসা করেন।
উল্লেখ্য, অনুপম খের দিল্লিতে চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফডি ২০২৬)-এ অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন, তিনি তাঁর চলচ্চিত্র ‘তানভি দ্য গ্রেট’ নিয়ে কথা বলেন এবং উল্লেখ করেন যে এটি প্রেক্ষাগৃহে ২৫ সপ্তাহ ধরে চলেছিল – যা রজতজয়ন্তী হিসেবে উদযাপিত হয়েছিল। চলচ্চিত্রটি প্রথমে সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং পুনরায় মুক্তি পাওয়ার পর এই মর্যাদা অর্জন করে। অনুপম খের উৎসবে একটি অভিনয় কর্মশালাও পরিচালনা করেন। চলচ্চিত্র উৎসব সম্পর্কে বলতে গিয়ে তিনি আয়োজক এবং সরকার উভয়েরই প্রশংসা করে বলেন যে এটি দর্শকদের শিক্ষিত করার এবং মানুষের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম।।
