এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,২৭ মার্চ : বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারের মিছিলে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে । বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে এলোপাথাড়ি পেটায় “লুঙ্গি-চটি” পরা দুষ্কৃতীদল । বাদ যায়নি পুলিশও । পুলিশকে রাস্তায় ফেলে বেদম পেটানো হয় । গুরুতর জখম হন বাসন্তী থানার একজন এসআই । মাথা ফেটে রক্তাক্ত হয়ে কোনো রকমে পালিয়ে তিনি প্রাণ বাঁচান । এই হামলায় আরও ৫ কন্সস্টেবল আহত হয়েছেন বলে জানা যায় ৷ যদিও এখনো পর্যন্ত হামলায় যুক্ত ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে । ধৃতরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ বিজেপির।
এদিকে,একই স্থানে আজ শুক্রবার রামনবমীর শোভাযাত্রা করার কথা ঘোষণা করল হিন্দু সংহতি । ইতিমধ্যে এই ঘোষণা করে একটা ব্যানারও টাঙানো হয়েছে৷ তাতে লেখা হয়েছে, “বাংলার মাটি রক্ষায় সংকল্পবদ্ধ হিন্দু সংহতি”৷ জানানো হয়েছে যে আজ শুক্রবার, ২৭ মার্চ বিকেল ২.৩০ থেকে ৫ টা পর্যন্ত বাসন্তী হরিসভা থেকে পালবাড়ি পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা বের হবে৷ হিন্দু সংহতির কেন্দ্রীয় সহ সম্পাদক মৃত্যুঞ্জয় মণ্ডলের পক্ষ থেকে ওই ব্যানারটি টাঙানো হয় ।
হিন্দু সংহতির কার্যকর্তা রজত রায় নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে লিখেছেন,”গতকাল একটা ভাইরাল ভিডিও প্রায় সবাই দেখেছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকে। বিজেপির প্রচারের সময় সেখানে তাদের রাস্তায় ফেলে মারা হয়েছে। যেভাবে পেটানো হয়েছে বাঁশ আর লাঠি দিয়ে, সেটা দেখে আঁতকে উঠেছেন। চোরকেও মনে হয় এইরকম নির্মম ভাবে পেটানো হয় না। যারা পেটাচ্ছে তারা অধিকাংশই জিহাদী। হাতে মোটা বাঁশের লাঠি, পরনে লুঙ্গি, এইরকম অনেকের ছবি সবাই গতকাল সংবাদ মাধ্যমে ও সামাজিক মাধ্যমে দেখে দিয়েছেন।”
তিনি আরও লিখেছেন,”জায়গাটা বাসন্তী বাজার এলাকা বা বাসন্তী হরিসভা মন্দির প্রাঙ্গণের ঠিক সামনেের এলাকা। আজকে ঠিক ওই জায়গা থেকে, ঠিক ওই জায়গা থেকেই হিন্দু সংহতির রাম নবমীর মিছিল বেরোবে। দেখবেন, কারো টু শব্দ করার সাহস হবে না। গন্ডগোল তো দূরের কথা, একটা উল্টোপাল্টা শব্দ উচ্চারণ করার সাহস কারো হবে না। একটু এদিক ওদিক করতে এলে হিন্দু সংহতির ছেলেরা কি পরিমান আদর যত্ন করবে সেটার ধারনা ওখানকার যে কারো আছে। বাসন্তীর মাটি অনেকবার সেটা প্রত্যক্ষ করেছে। উপলব্ধি করেছে। শক্তির সামনে দুনিয়া মাথা নত করে। স্বামী বিবেকানন্দ বলতেন, বীরভোগ্যা বসুন্ধরা। তপন ঘোষের তৈরি করা হিন্দু সংহতি সেটা জানে,অন্যকেও জানিয়ে দেয়।বাসন্তী ব্লকের হিন্দু সংহতির সভাপতি পবিত্র মন্ডলের কাছে ফোন করে জেনে নিলাম, মিছিলের প্রস্তুতি সর্ব অর্থে সম্পূর্ণ৷”
এদিকে জানা গেছে যে বাসন্তী বাজারে বিজেপির মিছিলে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমত ব্যবহার না করায় রাজ্য পুলিশের উপর ক্ষুব্ধ নির্বাচন কমিশন ৷ এনিয়ে ডিজির কাছে রিপোর্টও তলব করেছে কমিশন । কেন কেন্দ্রীয় বাহিনীকে দেরিতে পাঠানো হল ? কেন পুলিশের গোয়েন্দা হামলার আগাম খবর পেল না ? এই সমস্ত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য পুলিশকে ৷।
