এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৬ মার্চ : ইসলামী শাসনব্যবস্থার প্রতীক পোড়ানোর অপরাধে ১৮ বছরের মেয়ে মেলিকা আজিজিকে (Melika Azizi) ফাঁসিতে ঝোলালো ইরান । তার বিরুদ্ধে “আল্লাহর শত্রু” বা “মোহারেবেহ” হওয়ার অভিযোগ আনা হয়েছিল । বুধবার সকালে মেলিকা আজিজির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী শাসনব্যবস্থা । আদালতে মেলিকা বিচারককে বলেছিলেন: “আপনি এত তরুণ-তরুণীর রক্ত ঝরতে দিয়েছেন। আমি কীভাবে চুপ থাকতে পারি ? আমার কিছু যায় আসে না,আমাকেও মেরে ফেলুন ।”
ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে জানুয়ারিতে দেশব্যাপী চলা বিক্ষোভ চলাকালে ইরানের গিলান প্রদেশের মাসাল শহরে মেলিকা আজিজিকে সহিংসভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে রাশত শহরের লাকান কারাগারে রাখা হয়েছিল, যেখানে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় এবং তার পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তার পরিবারও ইসলামী শাসনব্যবস্থার নিরাপত্তা বাহিনীর চাপের মুখে ছিল। ইসলামী শাসনব্যবস্থার প্রতীক পোড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ‘মোহারেবেহ’ (ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা)-এর অভিযোগ আনা হয়েছিল । অবশেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হল ।।
