এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,২০ মার্চ : এবারের বিধানসভার ভোটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী উৎপল মহারাজ-কে টিকিট দিয়েছে বিজেপি । যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ভারত সেবাশ্রম সংঘ থেকে পদত্যাগ করেনি । তবে সংঘই এবার তাকে “রাজনৈতিক ফাঁদে পা” দেওয়ার জন্য বহিষ্কার করে দিল। বৃহস্পতিবার(১৯ মার্চ) কলকাতার রাসবিহারী অ্যাভেনিউয়ে সংঘের মুখ্য কার্যালয়ের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দের স্বাক্ষরিত একটি “বিশেষ বিজ্ঞপ্তি”তে উৎপল মহারাজ-কে বহিষ্কারের কথা জানানো হয়েছে ।
ওই “বিশেষ বিজ্ঞপ্তি”তে স্বামী বিশ্বাত্মানন্দ লিখেছেন, “তোমরা হয়তো জেনে থাকবে যে স্বামী জ্যোতির্ময়ানন্দ (উৎপল মহারাজ) রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগদান করেছে। এই সংবাদ পাওয়া মাত্রই সঙ্ঘ কর্তৃপক্ষ প্রধান কাৰ্য্যালয়ে পরিচালন সমিতির জরুরী সভায় সিদ্ধান্ত নিয়ে সঙ্ঘ থেকে তাকে বহিস্কার করা হয়েছে ।”
তিনি লিখেছেন,”ভারত সেবাশ্রম সঙ্ঘ,একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে কোনও ভাবেই সঙ্ঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী কোনও রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে না। রাজনৈতিক দলের প্রভাবে বা প্রলোভনে পা দিলে তারধর্মজীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়,যা ধর্মজীবনকে ত্যাগের মহিমা থেকে চ্যূত করে ভোগের আসক্তিতে ডুবিয়ে দেয় ৷ শ্রীশ্রী গুরু মহারাজ বলেছেন- “আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ’”। আত্মার মুক্তি এবং জগতের কল্যাণময় কাজে আমরা যুক্ত হবো, তা বলে আমাদের বিবেক, বৈরাগ্যকে ত্যাগ করে আবার জাগতিক ঐশ্বর্য্যের মধ্যে ফিরে যাব, এটা কখনই উচিত নয়।”
সব শেষে তিনি লিখেছেন,”ভবিষ্যতে যাতে এরকম প্রলোভনে পা দিয়ে ভূল পথে কেউ না যায় তার জন্য সঙ্ঘ কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এই পথে পা বাড়ালে যাবতীয় সুকৃতি ও সংস্কার নষ্ট হয়ে পুনরায় সে সাংসারিক মায়াজালে জর্জরিত হয়ে ঘৃণিত জীবন যাপন করে। সঙ্ঘের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তোমরা সচেতন হও, সাবধান হও। শ্রীশ্রী গুরু মহারাজের শুভাশীর্ব্বাদ নিও। ইতি,তোমাদের সেবক স্বামী বিশ্বাত্মানন্দ।”
প্রসঙ্গত, কালিয়াগঞ্জ বিধানসভায় মাত্র একবার তৃণমূল জিতেছিল। ২০১৯ সালে বিধায়ক প্রমখ নাথ রায়ের মৃত্যুতে উপনির্বাচন হলে তৃণমূলের তপন দেব সিং বিজয়ী হন । তবে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে আসনটা ছিনিয়ে নেয় বিজেপি । সৌমেন রায় প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন । কিন্তু এবারে সৌমেন রায়কে প্রার্থী করেনি বিজেপি। তাঁর পরিবর্তে এলাকারই বিশেষ সম্মানীয় ব্যক্তিত্ব ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজ-কে প্রার্থী করা হয়েছে । যদিও উৎপল মহারাজের রাজনীতিতে যোগ দেওয়া ভারত সেবাশ্রম সংঘের একাংশের ভক্তরা মেনে নিতে পারছেন না ।।
