এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৮ মার্চ : আফগান ধর্মীয় নেতা পাকিস্তানের বিরুদ্ধে “জিহাদের ফতোয়া” জারি করার পরেই ৫ সেনা খতম করল তালিবান । কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। তালেবানরা মৃতের সংখ্যা ৪০০-এর বেশি এবং আহতের সংখ্যা ২৫০-এর বেশি বলে জানিয়েছে। এই বিপুল সংখ্যক রোগীর প্রাণহানীর পর ক্ষোভে ফুঁসছে আফগানিরা । এরপর গতকাল আফগানি সুপ্রিম কোর্টের গ্র্যান্ড মুফতি শেখ মাওলানা আব্দুল রউফ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেছেন।তিনি ঘোষণা করেছেন যে, “পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে গমন করা কিংবা যুদ্ধে যোগদান করা সকল মুসলমানের জন্য অবশ্যকর্তব্য।”
আর গ্র্যান্ড মুফতির এই ঘোষণার পরেই খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত ডুরান্ড লাইনের অদূরে গোলাম খান বন্দরে তালিবানের হামলায় পাঁচজন পাকিস্তানি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, হামলাটি ডুরান্ড লাইনের অপর পাশে সংঘটিত হয়েছে এবং ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি এখনো উদ্বেগজনক রয়েছে ।
যদিও মঙ্গলবার কাবুলে বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি হামলার বিষয়ে তালেবানের দাবির জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এই অভিযোগ এমন একটি গোষ্ঠী করছে যারা নিজেরাই মসজিদে হামলা করেছে এবং বাজার ও স্কুলে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে ।।
