এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মার্চ : ভোটের নির্ঘন্ট প্রকাশের কয়েক ঘন্টা আগেই চলতি মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ রবিবার বিকেল ৩টে ৫ মিনিটে এই খবর জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মা-মাটি-মানুষ সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের, সেইসাথে পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদির মতো আমাদের অন্যান্য অনুদান-সহায়তা প্রতিষ্ঠানের কর্মচারী/পেনশনভোগীদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তারা আমাদের অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে মার্চ ২০২৬ থেকে তাদের ROPA ২০০৯ ডিএ বকেয়া পেতে শুরু করবে।’
উল্লেখ্য,রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । বাকি অর্থ কী ভাবে মেটানো হবে, তা ঠিক করতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে আদালতই একটি কমিটি গঠন করে দিয়েছিল। কিন্তু রাজ্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে ফের আদালতে আবেদন করে। এখনও সেই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠেনি। কিন্তু আজ ভোটঘোষণার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। যিনি গত ৬ মার্চ সুপ্রিম কোর্টে আবেদন করে ডিএ দেওয়ার সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন সেই মুখ্যমন্ত্রীই হঠাৎ ভোল বদলে নির্বাচনের দিন ঘোষণার কয়েক ঘন্টা আগে ডিএ দেওয়ার কথা জানানোয় বিরোধীরা আঙ্গুল তুলেছেন। বিরোধী শিবির মনে করছে যে ভোটে নিশ্চিত পরাজয়ের কথা আঁচ করতে পেরেই খরকুটো ধরে বাঁচতে চাইছেন মমতা ব্যানার্জি ।।

