এইদিন স্পোর্টস নিউজ,১২ মার্চ : পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের চেয়ে শত যোজন ব্যবধানে এগিয়ে পাকিস্তান। বাংলাদেশ যেখানে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে, সেখানে পাকিস্তান ৪ নম্বরে। আবার মুখোমুখি লড়াইয়েও পাল্লাটা পাকিস্তানের দিকেই হেলে। গতকালের আগে পর্যন্ত ওয়ানডেতে ৩৯ বারের দেখায় পাকিস্তানই জিতেছে ৩৪টিতে৷
তবে এসব পরিসংখ্যান দিয়ে যে মাঠের লড়াই চলে না, গতকাল বুধবার মিরপুরে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ-লিটন দাস-নাহিদ রানারা, সেটাও ২০৯ বল হাতে রেখে। এদিকে বাংলাদেশের কাছে এমন হার যেন মানতেই পারছেন না দেশটির প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আমির। পাকিস্তানের অধঃপতন দেখে তিনি হাহুতাশ করে জানান, সামনে হয়তো পাকিস্তান আইসিসির সহযোগী দেশ হয়ে যাবে!
নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছেন, ‘আজ আমরা বাংলাদেশের কাছে হারতে শুরু করছি। আমার তো ভয় লাগতে শুরু করছে, আমরা সহযোগী দেশ না হয়ে যাই! এরকম করবেন না।
পাকিস্তানের এমন বিপর্যয়ের পেছনে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। এবারের পাকিস্তান স্কোয়াডে ১৫ সদস্যের মধ্যে ৬ জনই নতুন মুখ। এরমধ্যে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ জনের অভিষেক হয়েছে। তবে এভাবে একবারে দলে বেশি তরুণ নেওয়ার পক্ষপাতী নন আমির।এই প্রসঙ্গে পাকিস্তানের এই প্রাক্তন পেসার বলেছেন, ‘এরকম করবেন না। ব্যালেন্সড দল বানান, সিনিয়রদের সঙ্গে তরুণদের মিশ্রণে। দল এভাবে তৈরি করতে হয়। চার- পাঁচ সিনিয়রকে পাশে সরিয়ে সব তরুণদের খেলানো, এভাবে দল হয় না। তরুণদের নির্দেশনা দেওয়ার জন্যও কিছু সিনিয়র লাগে।’
এরপর হতাশা প্রকাশ করে আমির বলেন, ‘পাকিস্তান এখন বাংলাদেশের কাছে হারছে… জানি না, আমাদের ক্রিকেট আর কোথায় যাবে! আফসোস, এরকম হওয়া উচিত নয়।’।
