এইদিন ওয়েবডেস্ক,চাঁদপুর,২৭ ফেব্রুয়ারী : বাংলাদেশের চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় জনৈক এক হিন্দু পরিবারের বিয়ের অনুষ্ঠানে চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে জিহাদি কিশোর গ্যাং । ব্যাপক মারধর ও ভাঙচুর করা হয় । হামলায় আহত হয়েছে বরের বাবা, ভাই ও জেঠাসহ অন্তত ৫ জন । বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। ত্রিনাথ বিশ্বাস, বাবুলাল বিশ্বাস ও বৃজন রানী গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালের চিকিৎসাধীন ।
আক্রান্ত পরিবারটি জানিয়েছে,জিহাদি কিশোর গ্যাংয়ের সর্দার মোহনের নেতৃত্বে আরমান (১৮), আবির হোসেন ও জিসানসহ কয়েকজন বিয়ের অনুষ্ঠানে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা হামলা চালিয়ে বরের বাবা বাবু লাল বিশ্বাস ও ভাই ত্রিনাদ বিশ্বাসকে ব্যাপক মারধর করে । পাশাপাশি টেবিল-চেয়ার ভাঙচুর এবং আশপাশের হিন্দু ঘরবাড়িতেও হামলা চালায় ।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

