এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৭ ফেব্রুয়ারী : শপথ গ্রহণ অনুষ্ঠান পূর্ণ হতে নরেন্দ্র মোদীর তরফ থেকে ভারতে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান । আজ মঙ্গলবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে কয়েকটি দেশের সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের অনেক সদস্য অংশ নেয় । ভারত থেকে প্রতিনিধি হিসেবে গিয়েছেন লোকসভার স্পিকার ওম বিরলা। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতও করেছেন তিনি।
সাক্ষাতে কী কথা হয়েছে, এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ওম বিরলা লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা তিনি পৌঁছে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, যেখানে তারেক রহমানকে তাঁর সুবিধা অনুযায়ী দ্রুততম সময়ে ভারত সফরের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘এই মাত্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক শেষ করলাম। তাঁর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠিটি তুলে দিয়েছি। চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সুবিধামতো দ্রুততম সময়ে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’
‘ভারতের জনগণের পক্ষ থেকে আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। পাশাপাশি দুই প্রতিবেশি দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি’ – লিখেছেন ওম বিরলা।।

