এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,১৫ জুন : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যের একটি গ্রামে সন্ত্রাসবাদীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। হামলার পর নিখোঁজ রয়েছেন অনেকে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে অ্যামনেস্টি জানায়, ইয়েলেওয়াটা গ্রামে শুক্রবার শেষ রাত থেকে শুরু হওয়া এই হামলা শনিবার ভোর রাত পর্যন্ত চলে। অ্যামনেস্টির পোস্টে বলা হয়, ‘হামলার পর অনেকে এখনো নিখোঁজ। বহু মানুষ আহত হয়েছেন এবং তাঁরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। অনেক পরিবারকে ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।’ নাইজেরিয়ার বেনু রাজ্য মিডল বেল্ট বা মধ্যাঞ্চলের সীমান্তে অবস্থিত। এই রাজ্যটিতে উত্তরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে দক্ষিণের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল মিশেছে । অঞ্চলটি মুসলিম ফুলানি সন্ত্রাসীদের বারবার হামলার শিকার হয় সংখ্যালঘু খ্রিস্টানরা । খ্রিস্টান পশুপালকদের গবাদিপশুর চারণভূমি দখল করতে প্রায়ই নরসংহার চালায় সন্ত্রাসী গোষ্ঠীটি ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মাসেও বেনু রাজ্যে হতাহতের ঘটনা ঘটেছে। গোয়ের ওয়েস্ট জেলায় ধারাবাহিক হামলায় সন্ত্রাসীদের গুলিতে অন্তত ৪২ জন খ্রিস্টান নিহত হন। এসবিএম ইন্টেলিজেন্স নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে বেনু ও আশপাশের এলাকায় সন্ত্রাসী হামলায় পাঁচ শতাধিক খ্রিস্টান নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ।।

