এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ জুন : পানীয় জলের দাবিতে পথে নামতে হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটের বাসিন্দাদের । আজ শনিবার দুপুরে দাঁইহাট পুরসভার ঘোষপাড়ায় রাস্তায় বাঁশের ব্যারিকেড করে অবরোধ করে রাখেন স্থানীয় বেশ কিছু পুরুষ ও মহিলারা ৷ কাঠ ফাটা রোডের মধ্যে তারা ঠায় সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকেন । ঘন্টা তিনেক ধরে চলে অবরোধ । ছুটে আসেন দাঁইহাট পুরসভায় চেয়ারম্যান প্রদীপ রায় । আসে পুলিশও । অবশেষে চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।
জানা গেছে,দাঁইহাট পুরসভার কাছারিপাড়ায় পানীয়জলের একটা পাম্প রয়েছে । পুরসভার ১১ ও ৩ নম্বর ওয়ার্ডসহ বেশকয়েকটি পাড়া মিলে অন্তত ৩০০ টি পরিবার পানীয় জলের জন্য মূলত ওই পাম্পের উপর নির্ভরশীল । কিন্তু দিন তিনেক আগে পাম্পটি বিকল হয়ে যায় । তারপর সেটি মেরামতির জন্য পুরসভার তরফে কোনো আগ্রহ দেখা যায়নি বলে অভিযোগ ৷ এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছিল ওই পরিবারগুলি । স্থানীয়রা পুরসভার কাছে এনিয়ে একাধিকবার জানান। কিন্তু পুর কর্তাদের কোনো হেলদোল না দেখে এদিন ক্ষিপ্ত বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন । অবরোধে মহিলাদের সংখ্যাই বেশি ছিল । তাদের কারোর হাতে ছিল একটা করে বালতি । কেউ গরম থেকে বাঁচতে সাথে এনেছিলেন হাতপাখা ।
চেয়ারম্যান প্রদীপ রায়ের সাফাই হল, ‘মিস্ত্রি পাওয়া যাচ্ছে না । শুক্রবার মিস্ত্রি আসার কথা থাকলেও সে না আসায় পাম্প মেরামত করা সম্ভব হয়নি ৷’ তবে আজকের মধ্যে পাম্প মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি ।।

