এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ১৬ বছর বয়স্ক মুক ও বধির কিশোরীকে ইশারায় ডেকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সন্ধ্যায় কাটোয়া থানা এলাকার অগ্রদ্বীপ এলাকায় । বিষয়টি জানাজানি হতে শ্রীচরণ ঘোষ (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার । তবে তার আগেই চম্পট দিয়েছে অভিযুক্ত । পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে ।
জানা গেছে,প্রচন্ড গরমের কারনে সন্ধ্যায় বাড়ির সামনেই একাই ঘোরাঘুরি করছিল ওই কিশোরী । সেই সময় প্রতিবেশী শ্রীচরণ ঘোষ তাকে ইশারায় ডেকে পাশের একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এদিকে কিশোরী দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় কিশোরীর মা বাইরে বেরিয়ে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন । খুঁজতে খুঁজতে তারা পরিত্যক্ত বাড়িতে গেলে মেয়ের সঙ্গে শ্রীচরণ ঘোষকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন । তখন যুবক ছুটে পালিয়ে যায় । ফেলে যায় নিজের মোবাইল ও জামা। এরপর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ।।

