এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৭ মে : যোগী রাজ্যের পুলিশ গত ৩৬ ঘণ্টায় ৮টি এনকাউন্টার চালিয়ে ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত ৩৬ ঘণ্টায় উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায় ৮টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে, এতে মোট ১০ জন আহত হয়েছেন। একইভাবে, পুলিশ বিভিন্ন মামলায় ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ জানিয়েছে, এই এনকাউন্টারগুলির পর ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাতি, ডাকাতির চেষ্টা, মোবাইল ফোন চুরি এবং গবাদি পশু চুরির ঘটনায় জড়িত । ধৃত সন্দেহভাজনদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।
সিনিয়র পুলিশ সুপার সঞ্জয় কুমার সংবাদমাধ্যমকে জানান, মুজাফফরনগর জেলার বুধানা, মনসুরপুর, সিটি, নিউ মান্ডি ও শাহপুর থানা এলাকায় এই এনকাউন্টারগুলো সংঘটিত হয়েছে। ধৃতদের মধ্যে শাহরুখ শেখী, মনীশ, শিবম, সালমান, খুশনাসিব, অমর, গুড্ডু, অভিষেক, আরশাদ ও মোমিন প্রমুখ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আরও তদন্ত চলছে।।
