এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৮ নভেম্বর : মুর্শিদাবাদের ফরাক্কায় ডাকাতির আগে আগ্নেয়াস্ত্রসহ ৪ দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা হল হেববুব আলম (২৭), আব্দুল শেখ (৪২), মেহেবুদ আলম (২৬) এবং আফজার শেখ (৪১)। তাদের বাড়ি ঝাড়খণ্ডে । ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ।
জানা গেছে,শনিবার গভীর রাতে গোপন সূত্র থেকে ফরাক্কার কেদারনাথ ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু দুষ্কৃতীতির সন্দেহজনক গতিবিধির খবর আসে ফরাক্কা থানায় । খবর পেতেই পুলিশের একটি দল সেখানে হানা দেয় । পুলিশ তাদের ঘিরে ফেলে । তল্লাশি চালাতেই দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে,তারা ডাকাতির উদ্দেশ্যেই কেদারনাথ ব্রিজ সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল ।
রবিবার ধৃত চারজনকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশ। বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করে । এই দুষ্কৃতী চক্রে আর কেউ জড়িত আছে কিনা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।

