এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১২ জুলাই : নতুন বোরকা নিষেধাজ্ঞা ভাঙার দায়ে সুইজারল্যান্ডের জুরিখে এক মুসলিম মহিলাকে ১০০ সুইস ফ্রাঁ বা ১২৬ ডলার জরিমানা করা হয় । ওই মহিলা এটিকে ‘ইসলামোফোবিয়া’র ঘটনা বলে আদালতে এই জরিমানার বিরুদ্ধে লড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার এই পদক্ষেপ ব্যর্থ হয় এবং তার জরিমানা ১০ গুণ বাড়িয়ে ১,০০০ সুইস ফ্রাঁ বা ১,২৬০ ডলার করে দেওয়া হয়েছে ।
সুইজারল্যান্ডে বোরকার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা রয়েছে। মুখ ঢাকার এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য পুলিশ ওই মুসলিম মহিলাকে এই জরিমানা করে।মহিলাটি প্রাথমিক জরিমানা দিতে অস্বীকার করেন এবং এই নিয়মটি মুসলিম মহিলাদের প্রতি বৈষম্যমূলক বলে যুক্তি দিয়ে এটিকে চ্যালেঞ্জ করেন। সুইস কর্তৃপক্ষ মামলাটি উচ্চতর ক্যান্টন কর্মকর্তাদের কাছে পাঠায়, যেখানে এই ধরনের লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১২৪৪ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
প্রসঙ্গত,২০২১ সালে একটি গণভোটের মাধ্যমে সুইস ভোটাররা জনসমাগমস্থলে মুখ ঢাকার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা অনুমোদন করেন। এই আইন ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। আইন অনুযায়ী রাস্তা, দোকান এবং বেশিরভাগ জনবহুল এলাকায় বোরকা ও নিকাব নিষিদ্ধ করা হয়েছে, তবে উপাসনালয়, স্বাস্থ্য/নিরাপত্তার কারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান বা আবহাওয়া থেকে সুরক্ষার ক্ষেত্রে ছাড় রয়েছে।
ছোটখাটো লঙ্ঘনের জন্য প্রায় ১০০ সুইস ফ্রাঙ্কের প্রশাসনিক জরিমানা দিয়ে শুরু হয়। জরিমানার বিরুদ্ধে আপত্তি জানালে বা তা পরিশোধ করতে অস্বীকার করলে জরিমানার পরিমাণ বাড়ে।গোপনীয়তার কারণে মহিলাটির পরিচয় প্রকাশ করা হয়নি।সুইজারল্যান্ডের দেখাদেখি এখন ইউরোপের অনেক দেশেই বোরখা, নিকাব এবং মুসলিম পোশাকের ওপর একই নিষেধাজ্ঞা আরোপ করার দাবি উঠছে ।।
