এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ নভেম্বর : মমতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনের মিডনাইট সেলিব্রেশনে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । আজ শনিবার ভোর রাতে তৃণমূল কর্মী-সমর্থকরা কালীঘাটে তাঁর বাসভবনের সামনে জড়ো হয়েছিলেন। রাত প্রায় দুটো নাগাদ বিজেপির কর্মী সমর্থকেরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিষেককে উদ্দেশ্য করে “চোর চোর’ শ্লোগান দিলে তীব্র বাকবিতণ্ডা থেকে ধস্তাধস্তি শুরু হয় । ক্রমে তা সংঘর্ষের আকার নেয় । ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের সঙ্গে তর্কে জড়ান অভিষেক । তার অভিযোগ,তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল । পাশাপাশি পুলিশ একজনকে আটক করার অভিযোগ তুলে তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন,’১৫ মিনিটের মধ্যে তাকে ছেড়ে দেওয়া না হলে আমি থানার সামনে ধর্ণায় বসব ।’
সংঘর্ষের পর বাড়ি থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক । তাঁর দাবি, তাঁকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। তৃণমূল কর্মীদের প্রতিরোধের কারণেই তিনি রক্ষা পেয়েছেন বলে দাবি করেন তিনি। পুলিশ তাঁকে বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ জানালে তিনি বচসায় জড়ান এবং বাড়ির বাইরে অবস্থানে বসে পড়েন। সেই সময় অভিষেক অনুগামী এক মহিলাকে ওই পুলিশ অফিসারের দিকে আঙুল তুলে চিৎকার করে বলতে শোনা যায়,”কার দিকে আঙুল তুলে কথা বলছিস ?” রাতভর অবস্থানের পর আজ ভোর প্রায় ৬টা ৪০ মিনিট নাগাদ বাড়ির ভেতরে প্রবেশ করেন অভিষেক । পরে তৃণমূল সাংসদ দোলা সেন ও অনান্য নেতৃত্ব তাঁর সঙ্গে দেখা করতে যান।।
