এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ জুলাই : মালদায় বিএসএফের সেক্টর হেড কোয়ার্টারে আভ্যন্তরীণ বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২ বিএসএফ জওয়ান। গুরুতর আহত আরও একজন । জানা গেছে,নিহতরা হলেন অজয় কুমার সিং ও সুরেশ দুর্গু৷ তাদের মধ্যে প্রথমজন বিহারের বাসিন্দা এবং দ্বিতীয় জনের বাড়ি মহারাষ্ট্রের দুর্গুে। আহত বিকাশ বর্মার বাড়ি হুগলিতে৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । হতাহতরা প্রত্যেকেই ৭১ নম্বর ব্যাটালিয়নের অংশ । তবে গুলি চালানোর কারণ এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
মালদার বৈষ্ণবনগরের ১৭ মাইল সেক্টর হেডকোয়ার্টারের এই ঘটনাটি ঘটেছে । জানা গেছে, অভিযুক্ত বিএসএফ জওয়ান ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের অন্তর্ভুক্ত । বৃহস্পতিবার রাতে ওই জওয়ান আচমকা ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয় কুমার সিং ও সুরেশ দুর্গুের৷ গুরুতর আহত হন বিকাশ বর্মা। ঘটনার পর হতাহতদের আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর জানতে পেরেই হাসপাতালে ছুটে আসেন বিএসএফের আধিকারিকেরা । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।।
