এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর ও শিলিগুড়ি, ০২ নভেম্বর : গরু পাচারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো কিছু অসামাজিক লোকজন বেপরোয়াভাবে গরু পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে । ফের তারই একবার প্রমান পাওয়া গেলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ও শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় । তবে পটাশপুরের বিজেপি বিধায়ক তপন মাইতি ও ফাঁসিদেওয়া থানার পুলিশের তৎপরতায় গরু পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে । দুই পৃথক থানা এলাকা মিলে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা হয়েছে দুটি গরু ও তিনটি মহিষ । পাশাপাশি পশুগুলিকে পরিবন করা একটি ম্যাটাডোর ভ্যান ও একটি বোলেরো গাড়ি আটক করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার পটাশপুরের খড়াই মোড় দিয়ে একটি ম্যাটাডরে করে অবৈধভাবে গরু পাচার করা হচ্ছে বলে খবর পান পটাশপুরের বিজেপি বিধায়ক তপন মাইতি । খবর পেতেই ঘটনাস্থলে ছোটেন তিনি৷ বিধায়ক। গরু বোঝাই গাড়িটি আটকে গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে গরু পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চান তিনি । কিন্তু তারা কোনো কাগজপত্রই দেখাতে পারেননি । এরপর বিধায়ক পটাশপুর থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় । পরে গাড়ির চালকসহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতদের আদালতে তোলা হয়।
অন্যদিকে ফাঁসিদেওয়ায় রবিবার রাতে একটি চারচকার বোলেরো গাড়িতে ৩ টি মহিষ পাচার করা হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘোষপুকুর ফুলবাড়িতে জাতীয় সড়কে হানা দেয় । পুলিশ বোলেরো গাড়িতে তল্লাশি চালাতেই তিনটি মহিষ দেখতে পায় । গাড়িতে থাকা দু’জন পশু পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম জাহিরুল ইসলাম ও মুজফ্ফর শেখ৷ তারা অসমের বাসিন্দা । আজ সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে৷ এই পাচারচক্রের হদিশ করতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।
