এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৪ জুন : কোচবিহারের দিনহাটায় ১১ বছরের কিশোরীকে হত্যার ঘটনায় গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সফিকুল শেখ। তার বাড়ি দিনহাটার বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি এলাকায় । আজ বৃহস্পতিবার মৃত কিশোরীর বাড়িতে যান দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়৷ তিনি বলেছেন, ‘এই জঘন্য ঘটনার পর বলার কোনো ভাষা নেই । আমি মনে করি যে,যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সোজা খরচা করে দেওয়া উচিত ।’
জানা গেছে,মৃত কিশোরী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল । একই গ্রামের বাসিন্দা সফিকুল শেখের কাছে টিউশন পড়ত । বুধবার সকাল ১১ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় মেয়েটি । তারপর দীর্ঘক্ষণ ধরে সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন ও প্রতিবেশী । কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি । এরপর গ্রামবাসীরা গ্রামের পার্শ্ববর্তী পাট ও ভুট্টাখেতে ব্যাপক তল্লাশি চালাতে শুরু করে । শেষ পর্যন্ত বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের পিছনের একটি পাটক্ষেত থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয় । খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরিবারের দাবি, মেয়েটির দেহের পাশ থেকে কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে। তাদের আশঙ্কা যে কিশোরীকে ধর্ষণ বা গনধর্ষণের পর খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে ।
এদিকে এই ঘটনার তদন্তে নেমে মৃতা কিশোরীর গৃহশিক্ষক সফিকুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ । আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও কয়েকজনকে । আজ বৃহস্পতিবার ধৃত সফিকুল শেখকে নিয়ে অকুস্থলে যায় পুলিশ বাহিনী । ছিলেন জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং । এই ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । শোকে ভেঙে পড়েছে পরিবার । গ্রামবাসীরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে । বিজেপি বিধায়কের জানিয়েছেন, এলাকায় মাদক কারবারের উপর লাগাম টানতে তিনি পুলিশের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবেন।।

