এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ জুলাই : আর্থিক দুর্নীতি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃত তৃণমূল নেতার নাম সেখ সফিকুল আলম । তার বাড়ি ভাতার থানার বলগোনা এলাকায় । তিনি ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ । ২০২৬ শের বিধানসভার ভোটের ফলাফল ঘোষণার পরেই এলাকা থেকে পালিয়ে যান সফিকুল আলম । আজ সোমবার তিনি বলগোনায় ফিরেছিলেন। তাকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা গোপনে ভাতার থানায় খবর দিয়ে দেয় । খবর পেতেই পুলিশ বলগোনায় হানা দিয়ে তাকে ধরে ফেলে । পরে তাকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
সেখ সফিকুলের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ । সরকারি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি আদার করা থেকে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । এমনকি বিগত বিধানসভার ফল ঘোষণার পর বিরোধীদের উপর সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে । কিন্তু তৃণমূল রাজ্যের শাসন ক্ষমতায় থাকায় পুলিশ তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার সাহস করেনি । কিন্তু রাজ্যে পালাবদল হতেই বেগতিক বুঝে গাঢাকা দেয় সেখ সফিকুল । কিন্তু শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায় ।।
