এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৬ এপ্রিল : বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্যের বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিলেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস । গতকাল রাতে একটি ভিডিও বার্তায় তিনি এই হুমকি দিয়েছেন । তবে কেন তিনি বিজেপির নেতার বিরুদ্ধে মামলা করবেন তার কোনো ব্যাখ্যা দেননি । শুধু নিজের ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বিজেপি যতই চক্রান্ত করুক বা নানা কৌশল নিক, বাংলার মানুষের আশীর্বাদ আর ভালোবাসা আমাদের সঙ্গেই আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আবারও এই বাংলাতেই ২০০-র বেশি আসন জিতে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ৷ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো হামলা আবার জিতবে বাংলা। জয় বাংলা।’
তবে মামলা করার কারন ব্যাখ্যা না করলেও মনে করা হচ্ছে যে বাইরনের “আমি হারছি, জঙ্গিপুর হারছে, সামসেরগঞ্জ হারছে,ফারাক্কা হারছে” মন্তব্যের একটি ভিডিও অমিত মালব্য তার একটা ভিডিও এক্স-এ পোস্ট করার কারনেই সম্ভবত তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। গত ২৫ এপ্রিল ১০:৪৯ এক্স-এ ওই ভিডিও শেয়ার করে অমিত মালব্য লিখেছিলেন, ‘এক যুগান্তকারী স্বীকারোক্তিতে, টিএমসি নেতা অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন যে নির্বাচনের প্রথম পর্বে দল বড়জোর ১৫-১৬টি আসন জিততে পারবে, তার পরেই টিএমসি-র সাগরদিঘি আসনের প্রার্থী বায়রন বিশ্বাস এখন ঘোষণা করেছেন যে তিনি হারতে চলেছেন। তিনি টিএমসি-র সেইসব প্রার্থীদের (বর্তমান বিধায়ক সহ) নামও তালিকাভুক্ত করেছেন, যাঁদের হারার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও লেখেন, কেন্দ্রীয় শক্তিগুলো নির্বাচনটি অত্যন্ত ভালোভাবে পরিচালনা করেছে, যার ফলে দলের জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’
আসলে,ভিডিও ক্লিপটি মুর্শিদাবাদের স্থানীয় কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশিত হয়েছিল । শুক্রবার গভীর রাতে মিডিয়ার ক্যামেরার সামনে সাগরদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসকে বলতে শোনা গিয়েছিল,’আমি আমার বিধানসভায় হারছি । জঙ্গিপুরের জাকির সাহেব হারছে । সামসেরগঞ্জের নুর আলম হারছে । ফারাক্কার আমিরুল হারছে । আর রাজ্যের খবর আমি বলতে পারব না । রাজ্যের খবর কেন্দ্র জানে । আর কেন্দ্রীয় বাহিনী ভালো করে যান । কোন ভুল হলে ক্ষমা করে দেবেন, দাদা । নমস্কার নমস্কার ।’ তবে কোনো এক অজ্ঞাত কারনে তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই নিজের বয়ান বদল করেন তৃণমূল প্রার্থী।
এর আগে শুক্রবার অনুব্রত মন্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল,,”বাবার জন্মে এমন ভোট দেখিনি । এই ৯৬-৯৭-৯৮ পারসেন্ট পোল….এই ১৫২ টা হল তো… প্রথমে আমি ১৩০ টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস । ১৫-১৬ টা পাবি কিনা সন্দেহ আছে ।” যদিও তিনি পরে তিনি ঢোঁক গিলে তার বক্তব্যের ভুল অর্থ করার অভিযোগ তোলেন । অনুব্রত উলটে সাংবাদিককে “পাগল ছাগল” আখ্যা দিয়ে বলেন,”আমি কখনো বলিনি যে তৃণমূল ১৫-১৬ টা পাবে । আমি বিজেপির কথা বলেছিলাম ।”
উল্লেখ্য,পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার ভোটে রেকর্ড ৯২.৮৬% ভোট পড়েছে । বিজেপি একপ্রকার নিশ্চিত এই এই রেকর্ড ভোটদানের হার রাজ্যে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার লক্ষণ । এবং বাংলায় বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও টিএমসির সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির দাবি যে তারা চতুর্থবারের মত সরকার গঠন করতে চলেছেন । এখন কাদের দাবি সত্যি হয় সেটা ৪ মে বেলা ১২ টার পর স্পষ্ট হয়ে যাবে ।।
