এইদিন স্পোর্টস নিউজ,১৮ জুলাই : রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর রোহিত শর্মার অবসর নেওয়ার গুজবের বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) স্পষ্ট করেছে যে, তিনি আপাতত অবসর নিচ্ছেন না। বৃহস্পতিবার খবর প্রকাশিত হয়েছিল যে নির্বাচকরা রোহিতকে জানিয়েছেন,ওয়ানডে দলের পরিকল্পনায় তাকে আর বিবেচনা করা হবে না এবং ইংল্যান্ডে তৃতীয় ওয়ানডের পর তিনি অবসর নিতে পারেন। তবে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই ধরনের সমস্ত খবর নাকচ করে দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে, যতদিন তিনি দলের পরিকল্পনায় থাকবেন, ততদিন রোহিত ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন।
শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিসিআই সচিব সাইকিয়া স্পষ্ট করেছেন, রবিবার লর্ডসে রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে কোনো আলোচনা হয়নি। ওয়ানডে দলের পরিকল্পনা থেকে রোহিতকে বাদ দেওয়া হয়েছে এমন খবর নাকচ করে দিয়ে বিসিসিআই সচিব আশ্বস্ত করেন যে, রোহিত ওয়ানডে দলের একজন নিয়মিত সদস্য এবং তিনি দেশের প্রতিনিধিত্ব করে যাবেন। তিনি বলেন,রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক জল্পনা- কল্পনা চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, রবিবার লর্ডসের ম্যাচটি রোহিতের শেষ ম্যাচ হবে, এমন কোনো আলোচনা হয়নি। রোহিত ভারতীয় ওয়ানডে দলের একজন নিয়মিত সদস্য এবং যতদিন তিনি দলের পরিকল্পনায় থাকবেন, ততদিন দেশের প্রতিনিধিত্ব করে যাবেন। সহজ কথায়, লর্ডসের ওয়ানডে তার শেষ ম্যাচ নয় ।’
বৃহস্পতিবারের একটি প্রতিবেদন অনুসারে, নির্বাচক কমিটি তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগে গত সপ্তাহে নেওয়া সিদ্ধান্তটি নিয়ে রোহিত ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে কথা বলেছে। বলা হয়েছিল যে, তারা জয়সওয়ালকে আরও সুযোগ দিতে চেয়েছিলেন, যিনি সীমিত সুযোগে ভালো পারফর্ম করা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন।
বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে,’নির্বাচকরা ইতিমধ্যেই তাকে (রোহিতকে) জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরের পর পরিকল্পনায় তার নাম নেই এবং এই সিরিজের পর তাকে আর বিবেচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিটনেস উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করার পরেও সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। তবে, নির্বাচকরা শর্মার ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ভার তার উপরেই ছেড়ে দিয়েছেন।’
এমন খবরও ছিল যে, রোহিত তার অসন্তোষ জানাতে বিসিসিআই-এর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। শুক্রবার তার বাবা-মা লন্ডনে পৌঁছানোর পর এই জল্পনা আরও জোরালো হয়।।
