এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ মে : অস্বাভাবিক মৃত্যু হল দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস । আজ শনিবার নিজের ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় । এরপর তাকে নাগেরবাজারের আইএলএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এদিকে দক্ষিণ দমদম পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি চিরন ভট্টাচার্য একটা চাঞ্চল্যকর দাবি করেছেন । তার দাবি,’ভোটের ফলাফল ঘোষণার দিন বেলা ১২ টার পর বিজেপি হয়ে যাওয়া তৃণমূলের লোকজন সঞ্জয় দাসের কাছে ১০ লক্ষ টাকা দাবি করেছিল। কিন্তু তিনি একসঙ্গে অত টাকা দিতে পারবেন না বলে জানান৷ পরিবর্তে ৫০ হাজার টাকা দিতে রাজি হন। তারপর থেকেই সঞ্জয় দাস হতাশায় ভুগছিলেন।’ তার জেরেই সঞ্জয় আত্মঘাতী হয়েছেন বলে দাবি তার । তিনি মৃতের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টাকা দাবি করা লোকজনদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।
উল্লেখ্য,দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট( ED) । সেই মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও । পাশাপাশি প্রাক্তন টিএমসি বিধায়ক অদিতি মুন্সির স্বামী ও রাজারহাট- গোপালপুরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আয় বহির্ভুত সম্পত্তি নিয়েও তদন্ত চলছে ।দেবরাজ চক্রবর্তী দমদম-ব্যারাকপুর তৃণমূল যুব সাংগঠনিক দায়িত্বেও রয়েছেন । তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জল্পনা চলছে । যদিও কলকাতা হাইকোর্ট তাকে আগাম জামিন দিয়েছে । সেই দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মৃত কাউন্সিলর সঞ্জয় দাস। তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন। ক্লাব সংগঠন করতেন। বড় পুজো পরিচালনা করতেন। ফলে আচমকা তাঁর এই মৃত্যুতে অনেক প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।।
